আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী (হ্রাস-বৃদ্ধি) জমা দেওয়ার নিয়ম মানতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়।
মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত বিভাগের অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুললাহ বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের সম্পদের হ্রাস–বৃদ্ধির বিবরণী তার নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। কিন্তু দেখা যায়, অনেকেই এ চর্চা ঠিকমতো করেন না। এ জন্য এই চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, এর ফলে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি আসবে। মূলত, এ উদ্দেশ্যেই নিয়মটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
