চাকরি রক্ষায় ভোগান্তি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১১:১১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের ইব্রাহীম মিয়া। নাটোরের একটি জুটমিলে কাজ করেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি এসেছিলেন ইব্রাহীম। গতকাল রবিবার কারখানা খোলার খবরে পরিবার নিয়ে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। গতকাল ভোরে গোড়াই থেকে রিকশাযোগে ৩০ টাকার ভাড়া ৬০ টাকা দিয়ে মির্জাপুরে আসেন ইব্রাহীম। সকাল ৬টার দিকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

এ সময় ইব্রাহীম জানান, একটি মালবাহী ট্রাকে করে সিরাজগঞ্জ পর্যন্ত যেতে প্রস্তুত তারা। পরের পথটুকু কীভাবে যাবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘পরেরটা পরে, আগে তো যাই।’ পরে সেই মালবাহী ট্রাকের ছাদে তাদের মালামাল উঠিয়ে ইব্রাহীম সেখানে এবং তার স্ত্রী ট্রাকের ভেতরে উঠে রওনা দেন।

মির্জাপুর বাসস্ট্যান্ডে দেখা গেছে, সড়কে কোনো গণপরিবহন ছিল না। কিছু কিছু পণ্যবাহী ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চলছিল। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশায় করে মানুষ যাতায়াত করছিল। ওই সময় সেখানে দাঁড়িয়ে থাকা ধলা মিয়া ও আব্দুল খালেক নামে দুজনের সঙ্গে কথা হলে তারা জানান, লকডাউন হলেও অফিসে যেতে হবে। চাকরি রক্ষায় যে কোনোভাবে হলেও কর্মস্থলে ফিরবেন বলে জানান তারা।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট রুবাইত হোসেন জানান, মহসড়কে গণপরিবহন চলছে না। শুধুমাত্র পণ্যবাহী ট্রাক, জরুরি সেবাসমূহের যানবাহন ও অ্যাম্বুলেন্স চলছে। পণ্যবাহী ট্রাকে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপুর্ণ। এটি কখনোই মানা হবে না। এ রকম যাতায়াত নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত