নাটক বা চলচ্চিত্র নির্মাণ এবং সম্প্রচারের ক্ষেত্রে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা’ মেনে করা হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে টেলিভিশন নাট্যশিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’।
ঈদে প্রচারিত একটি টিভি নাটক নিয়ে বিতর্কের সূত্র ধরে গতকাল সোমবার সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
প্রতিবাদের মুখে ‘ঘটনা সত্য’ নামের নাটকটি ইউটিউব থেকে প্রত্যাহার করেছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, নাটকটিতে বিশেষ শিশুদের বিষয়ে মিথ্যা ও ভুল তথ্য দেওয়া হয়েছে। রুবেল হাসান পরিচালিত নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই মূলত সমালোচনা শুরু হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিবন্ধী শিশু বাবা-মায়ের অতীত ‘পাপের ফল’। অনভিপ্রেত এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন নাটকটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা।
গতকাল অভিনয় শিল্পী সংঘের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষ শিশু জন্মের জন্য পিতা-মাতার অনৈতিক কর্মকাণ্ড দায়ী, এটি সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক ও সামাজিক রীতিবিরুদ্ধ। আমরা কোনোভাবেই এই বিষয়কে সমর্থন করি না।’
