স্বাস্থ্যবিধি মানাতে গিয়ে ধাওয়ার শিকার পুলিশ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০২:৫৫ এএম

নাগেশ^রীতে হাটে জনসমাগম বন্ধ করতে গিয়ে বাজারে আসা জনতার ধাওয়ার শিকার হয়েছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় কচাকাটা বাজারে এ ঘটনা ঘটে। ধাওয়াকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা হয়েছে। কচাকাটা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকাল সোমবার এ মামলা করেন।

পুলিশ জানায়, চলমান লকডাউন কার্যকর এবং স্বাস্থ্যবিধি মানাতে গত রবিবার সন্ধ্যায় কচাকাটা বাজারে দায়িত্ব পালন করছিলেন এএসআই বুলবুল ইসলাম এবং কনস্টেবল আজমাইন ইসলাম। এ সময় গরুর হাটের ব্যাপক জনসমাগম রোধ এবং স্বাস্থ্যবিধি মানাতে যান তারা। পুলিশ দেখে কয়েকজন হাটুরে দৌড়ে পালানোর সময় তাদের একজনের ব্যাগের বাজার মাটিতে পড়ে যায়।

এ সময় কিছু লোক উত্তেজিত হয়ে এএসআই বুলবুল ইসলাম ও কনস্টেবল আজমাইনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে এএসআই বুলবুল কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের পাশে তার ভাড়া বাসায় ঢুকে পড়েন। কিন্তু উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে তার বাসার সামনে অবস্থান নেয় এবং বাসার গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। পরে খবর পেয়ে থানার ওসিসহ একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এএসআই বুলবুলকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় কুড়িগ্রামের পুলিশ সুপার গতকাল ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত