লঘুচাপে বন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণে পাহাড়ে ভূমিধসের শঙ্কা

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০২:০১ পিএম

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সামুদ্রিক সতর্কবার্তা ও ভারী বর্ষণের সতর্কবার্তায় এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন...সাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়বে বৃষ্টিপাত

সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে ।

এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর-বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন...  ইন্টারনেট গতির র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত