বরিশাল বিএনপির করোনা হেল্প সেন্টারে ঝুলছে তালা

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:১৪ এএম

বরিশালে করোনার সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী হলেও এ বিষয়ে বিএনপির তেমন কোনো কর্মসূচি লক্ষ করা যায়নি। তবে গত ১৯ জুলাই হঠাৎ দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার করোনা হেল্প সেন্টার উদ্বোধন করেন।

চিকিৎসাসেবা, টিকার নিবন্ধনসহ করোনা রোগীদের যাবতীয় বিষয়ে সহায়তার কথা থাকলেও উদ্বোধনের পর থেকেই দলীয় হেল্প সেন্টারে তালা ঝুলছে। ফলে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। এমনকি ব্যানারে যোগাযোগের কোনো নম্বরও দেওয়া হয়নি। এ ধরনের সেবাকে জনগণের সঙ্গে ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন অনেকে। তবে বিএনপি নেতাদের দাবি, দলীয় কার্যালয়ের হেল্প সেন্টারে তালা থাকলেও তাদের নেতাকর্মীরা করোনা আক্রান্তদের চিকিৎসাসহ নানা সহায়তা অব্যাহত রেখেছেন।

সংশ্লিষ্টরা জানায়, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় সারা দেশে ‘করোনা হেল্প সেন্টার’ চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় বিএনপি। এরই অংশ হিসেবে গত ১৬ জুলাই ৪৫টি জেলায় হেল্প সেন্টার চালু করে দলটি। কিন্তু বরিশালে হেল্প সেন্টারে গিয়ে এখন পর্যন্ত কেউ সেবা পাননি। উল্টো ভোগান্তি নিয়ে ফিরছেন।

নগরীর সদর রোডের দলীয় কার্যালয়সংলগ্ন কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা জানান, হেল্প সেন্টার উদ্বোধনের পর থেকেই বন্ধ রয়েছে। প্রত্যেক দিন বিভিন্ন এলাকা থেকে এসে মানুষ কাউকে না পেয়ে বিরক্তি নিয়ে চলে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার সরেজমিন গিয়েও কার্যালয়ে তালা দেখা যায়। কার্যালয়ের সামনে ঝোলানো দক্ষিণ জেলা বিএনপির একটি ব্যানারে সেবাদান ও টিকার নিবন্ধনে সহায়তার কথা বলা হলেও তাতে কারও নম্বর দেওয়া হয়নি।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার গতকাল জানান, হেল্প সেন্টারে তালা ঝুললেও তাদের নেতাকর্মীরা ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন। হেল্প সেন্টার হাসপাতাল বা ক্লিনিক নয় যে ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। করোনা পরিস্থিতির কারণে এটি খোলা রাখা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান জানান, হেল্প সেন্টারের ব্যানার ঝোলানো হলেও এটি চালু হয়নি। শিগগিরই কেন্দ্রীয় নেতারা উদ্বোধন করবেন, এরপর পুরোদমে কার্যক্রম শুরু হবে।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, ‘হেল্প সেন্টারের কার্যক্রম চালু আছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং মহানগরী করোনার হটস্পটে পরিণত হওয়ায় দলীয় কার্যালয়ের সেন্টারটি বন্ধ রয়েছে। তবে কেউ যোগাযোগ করলে তাকে চিকিৎসকদের নম্বর দেওয়া হচ্ছে। পাশাপাশি অক্সিজেন সেবা চালু রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত