ফরিদপুরে করোনা মহামারী প্রতিরোধে সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী প্রতিনিয়তই করোনা আক্রান্ত হচ্ছেন। জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সিভিল সার্জনের অধীন ৯ উপজেলায় করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত ৬৪৮ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ৫৯, নার্স ও ওয়ার্ড বয় ১৬২ এবং বাকিরা স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, করোনার শুরু থেকে এ পর্যন্ত কভিড রোগীদের সেবাকাজে নিয়োজিত হাসপাতালের ৩৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ দুর্যোগে প্রত্যেক কর্মীই জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ‘জেলা সদরের জেনারেল হাসপাতালসহ ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসায় নিয়োজিত ২৯৮ জন এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে আমিসহ চিকিৎসক ৩৩ জন, নার্স-ওয়ার্ড বয় ৪৯ জন এবং বাকিরা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।’
