সম্প্রতি প্রধানমন্ত্রীকে হেয় করে খুলনা জেলার তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এফএম ওহিদুজ্জামানের দেওয়া বক্তব্যের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন খুলনা-৪ আসনের সরকারদলীয় সাংসদ সালাম মুর্শেদী। একই সঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি।
সালাম মুর্শেদী বলেন, ‘গত ১৯ জুলাই তেরখাদা উপজেলায় খাদ্য সহায়তার অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান এফএম ওহিদুজ্জামান। মাত্র তিন মিনিটের জন্য সে প্রোগ্রামে অংশ নিয়ে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হই। এর আগে-পরে কে কী বক্তব্য দিয়েছে তা সম্পর্কে আমি অবগত নই।’ ওহিদুজ্জামানের দেওয়া বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব বলেও জানান সাংসদ।
গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সালাম মুর্শেদী বলেন, ‘করোনাকালে প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগে আমার নির্বাচনী এলাকার নাগরিকদের জন্য খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলাম। দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসন আমাকে এ কাজে সহযোগিতা করেছে। এ জন্য প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই।’
