সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে দুদক। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অর্জন ও অন্যকে হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।
গতকাল বুধবার দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, গত সোমবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে চুমকি কারণ ও প্রদীপ কুমার দাশকে আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ২৯ জনকে। তবে অভিযোগপত্র শুনানির তারিখ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারণ করা হবে।
