মরুভূমির মাঝে স্থাপিত প্রাগৈতিহাসিক সৌর মানমন্দির, পার্বত্য অঞ্চলকে ভাগ করা শতবর্ষ পুরোনো রেল রোড বা ৭ হাজার বছর আগে পাথরে আঁকা চিত্রকর্ম— এ ধরনের কিছু গন্তব্য স্থান পেয়েছে সদ্য ঘোষিত ইউনেসকো ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায়।
কয়েক দিন ধরে অনলাইনে আলোচনার পর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি ভোটাভুটির মাধ্যমে ৩৩টি স্থান তালিকায় যুক্ত করার পক্ষে মত দিয়েছে। এর মধ্যে ২৮টি সাংস্কৃতিক ও ৫টি প্রাকৃতিক সাইট রয়েছে।
কভিডের কারণে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি গত বছর বৈঠকে বসতে পারেনি। এবার চীনে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বের নানা জায়গা থেকে অনলাইনে অংশ নেয় সদস্যরা। সেখানে ২০২০ ও ২০২১ সালের বিশ্ব ঐতিহ্যের মনোনয়ন বিশ্লেষণ করা হয়।
১৯৭৮ সালে প্রথমবার বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়। সেবার তালিকায় ছিল যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক ও ইকুয়েডরের গালাপাগোস আইল্যান্ডসহ বারোটি সাইট। বর্তমানে ১১২০টি বিশ্ব ঐতিহ্য সাইট রয়েছে।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়ার সাংস্কৃতিক মূল্য অনেক, যা সংশ্লিষ্ট দেশ ও অঞ্চল সম্মানের মনে করে। এ তালিকায় নাম উঠলে ওই সাইট বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। সংস্কার ও সংরক্ষণে নতুন মাত্রা লাভ করে, পর্যটনের দিক থেকেও লাভজনক।
