টাঙ্গাইলের কালিহাতীতে ঝিনাই নদীতে পিকনিকের নৌকা থেকে পড়ে গিয়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ বেতডোবা মেঘাখালি ব্রিজের নিচে ঘটনাটি ঘটে।
নিখোঁজ ওই শ্রমিক ঘাটাইল উপজেলার করিমপুর গ্রামের মৃত কুরবান তালুকদারের ছেলে শাহ আলম তালুকদার (২৯)। তিনি পেশায় একজন মাহেন্দ্রা গাড়ির শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঘাটাইল উপজেলার করিমপুর থেকে ওই গ্রামের ৪০ জন যাত্রী নিয়ে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা করে। সখীপুর উপজেলার বহেড়াতৈল পিকনিক স্পটে রাত্রী যাপন শেষে রবিবার তারা বাড়ির দিকে রওনা করেন।
পথিমধ্যে দুপুরে কালিহাতী উপজেলার মেঘাখালি ব্রীজের নিকট পৌঁছালে একপর্যায়ে নৌকার ছাদ থেকে শাহ আলম পানিতে পড়ে যায়।
এ সময় নৌকায় থাকা যাত্রীরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. আব্দুল কাদেরের নেতৃত্বে ছয় সদস্যের একটি উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালায়। এ সময় নদীর দুপাড়ে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।
নিখোঁজ ওই শ্রমিকের চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, শাহ আলম দীর্ঘ দিন ধরে সংসারের নানা বিষয় নিয়ে ঝামেলায় ছিলেন। মনকে ফ্রেশ করতেই তিনি পিকনিকে গিয়েছিলেন। সাংসারিক চাপে তিনি স্ট্রোক করে পানিতে পড়ে থাকতে পারেন বলেও জানান তিনি।
