দাউদকান্দিতে ‘কষ্টি পাথরের’ বিষ্ণু মূর্তি উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০১:০৪ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ১২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের চরগোয়ালী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

প্রায় এক মাস আগে ওই গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খননের সময় স্থানীয় চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বুলবুল আহম্মেদ মূর্তিটি পান।

তিনি বলেন, ২০/২৫ দিন আগে মাটি কাটার সময় মূর্তিটি পাই। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় এতদিন প্রশাসনকে জানাতে পারিনি। 

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক মেম্বার জানান, গোয়ালী গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খনন করার সময় শ্রমিকরা এই মূর্তিটি পান। এলাকার কিছু লোক মূর্তি পাওয়ার ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

বিষয়টি জানার পর আমি পুলিশকে খবর দিলে সোমবার রাত ৯টার সময় পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে যায়। মূর্তিটির ওজন প্রায় ১২ কেজি হবে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই  মূর্তিটি  উদ্ধার করে থানায় নিয়ে আসি।  দৈর্ঘ্য ২৩ এবং প্রস্থ সাড়ে ৯ ইঞ্চির মূর্তিটি কেউ বলছে বিষ্ণু মূর্তি কেউ বলছে কষ্টি পাথরের। এক্সপার্ট দিয়ে যাচাই করার পর কোনটি সঠিক বলা যাবে। তবে মূর্তিটির বেশ ওজন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত