বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের করোনা ইউনিটের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজন মাহাবুবুর রহমান, সরোয়ার মাহমুদ প্রমুখ।
এ সময় ডা. মনীষা বলেন, দক্ষিণাঞ্চলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এর মূল কারণ অক্সিজেন সংকট। অক্সিজেন সংকট দূর না হলে করোনায় মৃত্যুর হার কমবে না। বরং সংখ্যা আরও বাড়বে। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের সর্বশেষ নির্ভরযোগ্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। অথচ এখানে নেই পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা। নেই অক্সিজেন প্ল্যান্ট। চিকিৎসাসামগ্রী অপ্রতুল। করোনা ওয়ার্ডের বর্জ্য ফেলা হচ্ছে মূল ভবনের সামনেই। করোরা ওয়ার্ড ও টয়লেটের অবস্থা বেহাল। এসব কারণে করোনা ইউনিটে চিকিৎসা নিতে আসা রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে।
