মদের বোতল ছিল খালি, ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে: পরীমণি

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:৫৫ পিএম

র‌্যাবের অভিযানে উদ্ধার মদের বোতলগুলো খালি ছিল বলে আইনজীবীর কাছে দাবি করেছেন পরীমণি। বৃহস্পতিবার পরীমণির বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তার আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী।

তিনি বলেন, ‘পরীমণির সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে জানিয়েছে, তার বাসায় উদ্ধার হওয়া মদের বোতলগুলো ছিল খালি। তাকে কেন্দ্র করে এই ঘটনায় পরীমণি অত্যন্ত বিব্রত ও লজ্জিত। এতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমণিকে আদালতে নেওয়া হয়। সেখানে বনানী থানায় করা মামলার শুনানি হয়। শুনানি শেষে পরীমণিকে ৪ দিনের রিমান্ডে দেওয়া হয়।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী গণমাধ্যমকে বলেন, ‘পরীমণির বাসা থেকে উদ্ধারকৃত মদের বোতলগুলো ছিল খালি, ভরা বোতল তার বাসা থেকে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘পরীমণি একজন স্বনামধন্য চিত্রনায়িকা। টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই তাকে চেনেন। চলচ্চিত্রে তিনি অপরিহার্য। আমরা তার জামিনের আবেদন করেছি। তবে আদালত জামিন না-মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ড বাতিলের জন্য দরখাস্ত করেছি আমরা। কারণ এটি একটি চক্রান্তমূলক মামলা। পূর্ব শত্রুতার জের ধরে এই মামলাটি করা হয়েছে।’

উল্লেখ্য, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এরপর বুধবার পরীমণির বাসায় অভিযান শেষ র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, তার বাসা থেকে বিপুল পরিমাণ ওয়াইন, আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এরপর পরীমণিকে আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত