ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে ঘরে ঢুকে মুখ চেপে এক তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতে ধামরাই থানায় অভিযুক্তসহ ৪ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত সুমন হোসেন ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে। অভিযোগের অন্য আসামিরা সুমনের সহোদর ভাই শামীম হোসেন, সেলিম হোসেন ও আমজাদ হোসেন মরণ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরেই অভিযুক্ত যুবক ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। একপর্যায়ে গত ৬ আগস্ট রাতে অভিযুক্ত সুমন ওই তরুণীর ঘরে ঢুকে তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।
এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন এসে তরুণীকে উদ্ধার করে যুবককে আটক করে। আটকের খবর পেয়ে অভিযুক্ত বাকিরা এসে তরুণীর পরিবারের লোকজনকে হুমকি-ধামকি দিয়ে ওই যুবককে ছাড়িয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢামেকে পাঠানো হয়েছে।
