করোনায় কর্মহীন পরিবারকে সরকারিভাবে প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘করোনায় ভালো নেই কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ। অর্থ সংকটে দিশেহারা মানুষের হাহাকার কমাতে হবে।’ গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। আগে থেকেই আরও অন্তত সাড়ে তিন কোটি মানুষের বসবাস দারিদ্র্যসীমার নিচে। একটি নির্বাচনী এলাকার বার্ষিক সরকারি সহায়তা বিশ্লেষণে দেখা গেছে, ৩ লাখ ৩৩ হাজার ১৬৬ জন জনসংখ্যা অধ্যুষিত এলাকায় শতকরা ৩৩ ভাগ সরকারি হিসাবে দরিদ্র। তাদের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৪৫ জন। সেখানে ২০২০-২১ অর্থবছরে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে ১ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭০ টাকা। খাদ্যশস্য বিতরণ করা হয়েছে ৮৮ লাখ ৯৯ হাজার ৬৭৯ টাকার। এছাড়া শিশুখাদ্য ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সর্বমোট বরাদ্দ হয়েছে ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ৭৪৯ টাকা।
