রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় নিখোঁজের ৩ দিন পর এলাকারই একটি বাড়ি থেকে জিসানুল ইসলাম আকাইদ নামে ৫ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নন্দীপাড়া দুই নম্বর রোডের নুর মসজিদ গলির বাবুল মিয়ার চার তলা একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। শিশুটির হাত বাধা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পরিবারের সাথে ওই এলাকাতেই থাকত। তার বাবার নাম আব্দুল মালেক। গত ৬ আগস্ট বিকেলের দিকে এক রিকশাচালক শিশুটিকে তার রিকশায় করে নিয়ে যায়। তারপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরদিন অর্থাৎ ৭ আগস্ট পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করে।
তিনি জানান, সোমবার সকালে বাড়িটির ২য় তলা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। বাড়িটির এখনো নির্মাণকাজ শেষ হয়নি। শিশুর হাত বাধা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি পচে অনেকটা ফুলে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অপহরণের পরে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে। খুব দ্রুতই তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে জানান তিনি।
