নারী কর্মকর্তাদের বাদ রেখে বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর 'গার্ড অব অনার' দেওয়ার সুপারিশ প্রত্যাহার করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
স্থায়ী কমিটি গত ১৩ জুনের বৈঠকে গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প খুঁজতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
রবিবার কমিটি আগের বৈঠকের কার্যবিবরণী অনুমোদনের সময় সুপারিশটি বাদ দেয়।
কমিটির প্রধান শাহজাহান খান বলেন, “আগের বৈঠকের কার্যবিবরণী অনুমোদনের সময় ওই সুপারিশটি বাদ দেওয়া হয়েছে।”
বীর মুক্তিযোদ্ধাদের কারও মৃত্যু হলে জেলা বা উপজেলা প্রশাসন তাদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়। নিয়ম অনুযায়ী, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এ সম্মাননা দিয়ে থাকেন।
