করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন কঠোর বিধিনিষেধ শেষে আজ বুধবার থেকে সারা দেশে শর্ত মেনে খুলতে যাচ্ছে সব কিছুই। চালু হচ্ছে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল। তবে আগের বিধিনিষেধগুলোর মতো এবার আর গণপরিবহনে থাকছে না অর্ধেক যাত্রী বহনের বাধ্যবাধকতা। থাকছে না বাড়তি ভাড়ার চাপও। তবে আসনের অতিরিক্ত যাত্রী বহনের বিষয়ে সতর্ক করা হয়েছে বাস ও লঞ্চ মালিকদের। একই সঙ্গে সারা দেশের সড়কে চলাচলের জন্য নিবন্ধিত বাসের অর্ধেক চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
আগের ভাড়ায় চলবে বাস, অতিরিক্ত যাত্রী নিষিদ্ধ : সড়কপথে নির্ধারিত গণপরিবহনের অর্ধেক চলাচলের পাশাপাশি দাঁড়িয়ে বা আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ করে গণপরিবহন সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এই জরুরি নির্দেশনায় বলা হয়, স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহনের অর্ধেক চালানোর বিষয়ে ব্যবস্থা নেবে। বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, আজ থেকে আসন পূর্ণ করে পরিবহন চলতে পারবে। তবে কোনোভাবেই দাঁড়িয়ে বা আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘদিন অর্ধেক আসন ফাঁকা রেখে পরিবহন চলেছে। এর জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ বাড়তি ভাড়া যোগ করে তা আদায়ের সিদ্ধান্ত দেয় সরকার। কিন্তু আজ থেকে ৬০ শতাংশ বাড়তি ভাড়া আর প্রযোজ্য হবে না।
স্বাস্থ্যবিধির প্রসঙ্গে বিআরটিএ বলেছে, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, চালকের সহকারী এবং টিকিট বিক্রির কাজে জড়িত প্রত্যেককে মাস্ক পরতে হবে। রাখতে হবে প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার। যাত্রার শুরু এবং শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এর বাইরে সরকারঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালাতে হবে। তা না হলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।
শতভাগ যাত্রী নিয়ে চলবে লঞ্চ : স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে আজ বুধবার থেকে চালু হচ্ছে নৌযান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্র্তৃক প্রণীত সব স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গতকাল এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু : কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় আজ বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেল কর্র্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশনের কাউন্টারে; তবে অগ্রিম টিকিট নিয়ে টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কমেনি। আন্তঃনগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে। এর মধ্যে আন্তঃনগর ৩৮ জোড়া এবং মেইল ও কমিউটার ট্রেন ১৯ জোড়া।
