১৫টি স্বর্ণের বারসহ ৬ গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১১:৪৫ এএম

ফেনীতে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ পুলিশের ছয় কর্মকর্তাকে স্বর্ণের বারসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অভিযুক্তদের ফেনী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক পুলিশ সদস্যরা হলেন ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা। তারা সবাই ফেনী থানা হেফাজতে রয়েছেন।

জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর মামলার পরিপ্রেক্ষিতে ফেনী গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম এবং তিন উপপরিদর্শক (এসআই) এবং দুজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ছয়জনকে আটক করেছে জেলা পুলিশ।

আরও জানান, কর্মকর্তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতির মামলা হয়েছে।

পুলিশ সুপার জানান, গত রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের নিচে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে আটক করে তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে যায় অভিযুক্তরা।

মঙ্গলবার গোপাল কান্তি দাস এ বিষয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগের পর তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর রাত সাড়ে ১১টায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগকারী ব্যবসায়ী জানান, ২০টি স্বর্ণের বারের দাম এক কোটি ২৪ লাখ টাকা।

আরও পড়ুন... পুলিশে নিম্নপদের বিনিময়ে উচ্চপদ সৃষ্টির প্রস্তাব

×
সর্বশেষ সর্বাধিক পঠিত