চলচ্চিত্র নেতাদের কাজ নিয়ে সাফির প্রশ্ন

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১১:৪১ এএম

সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন জনপ্রিয় এ নায়িকা হয়রানির শিকার হচ্ছেন।

 ইতিমধ্যে যৌথ বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট ১৭ নাগরিকসহ অনেকে। অথচ পরীমনির বিরুদ্ধে মামলা হওয়ার পরপরই তার সদস্য পদ স্থগিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সমিতির এমন পদক্ষেপের সমালোচনা করেছেন স্বাধীন ধারার অনেক নির্মাতা। এবার এগিয়ে এসেছেন এফডিসিকেন্দ্রিক নির্মাতারা।

এক ফেইসবুকে স্ট্যাটাসে চলচ্চিত্রের নেতাদের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন অনেক হিট সিনেমার নির্মাতা সাফি উদ্দিন সাফি।

শুক্রবার সকালে তিনি লেখেন, “আজকে খুব জানতে ইচ্ছে করছে, আমাদের চলচ্চিত্রের নেতাদের কাজ কী? একটি কাক বিপদে পড়লে হাজারো কাক এক সাথে হয়ে যায়। ভাবখানা এমন আমরা কাকের মতো হবো কেন?  আফসোস!!!!”

এর আগে একই ইস্যুতে মুখ খোলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন পরীমনির জন্য ইন্ডাস্ট্রির দরজা খোলা থাকবে।

শাহীন সুমন বলেন, “সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সোজা সাপটা বলি, পরীমনি ন্যায় বিচার পাক, নিজের ভুল ত্রুটি এবং অতীত কর্মকাণ্ড সংশোধন, পরিমার্জন করে পরিশোধিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, ইন্ডাস্ট্রির দরজা তার জন্য খোলা রইল।”

এ দিকে পরিচালক বুলবুল বিশ্বাস লেখেন, “সুপারস্টার নায়ক প্রকাশ্যে বেদম মারধর খাওয়ার পর এবং ডানাকাটা নায়িকা গ্রেপ্তারের পর পুরো ইন্ডাস্ট্রি নীরব কেন থাকলো, তা ইন্ডাস্ট্রির লোক ছাড়া কেউই বুঝবে না। আপনারা শুধু নীরবতাটাই দেখবেন। ইন্ডাস্ট্রির  অসহায়ত্বের গল্প কোনো দিনই জানবেন না।”

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। ৪ ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করা হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার করে পরীমনিকে রিমান্ডে নেওয়া হয়। প্রথমে ৪দিনের জন্য, দ্বিতীয় দফায় আরও ২ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত