তালেবানের হাতে বন্দি আফগান কমান্ডার ইসমাইল খান

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১০:৩৪ পিএম

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম হেরাত নগরীর বেশির ভাগই দখল করে নিয়েছে। পাশাপাশি সেখানে প্রতিরোধ লড়াইয়ে নেতৃত্ব দেওয়া মিলিশিয়া বাহিনীর স্থানীয় প্রবীণ কমান্ডার ইসমাইল খানকে বন্দি করেছে তালেবানরা।

স্থানীয় সরকারি কর্মকর্তারা শুক্রবার এ খবর জানিয়েছেন। প্রায় ৭০ বছর বয়সী ইসমাইল খান আফগানিস্তানের বিশিষ্ট কমান্ডারদের একজন।

হেরাতের প্রাদেশিক পরিষদের সদস্য গুলাম হাবীব হাসিবি জানান, তালেবানের সঙ্গে একটি চুক্তি অনুযায়ী হেরাতের বর্তমান গভর্নর ও কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাসহ ইসমাইল খানকে তালেবান যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়। তবে চুক্তিতে কী আছে সে ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

তালেবানের হেরাত নগরী দখল আফগানিস্তানের আশরাফ গনি সরকারের জন্য আরেকটি বড় ধাক্কা।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইসমাইল খানকে বন্দি করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইসমাইল বন্দি হওয়াটা নগরীর প্রতিরোধ ভেঙে পড়ারই প্রতীক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে নামকরা আফগান কমান্ডার ইসমাইল খানকে তালেবান সদস্যদের হাতে বন্দি দেখা গেছে। তবে এ সমস্ত ছবি, ভিডিও’র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

ইসমাইল খান আফগানিস্তানে ‘হেরাতের সিংহ’ নামে পরিচিত। ১৯৭৯ সালে সোভিয়েত বিরোধী যুদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নামকরা মুজাহিদীন কমান্ডার হিসেবে তিনি সমাদৃত। সম্প্রতি আফগান সরকারের অধীনে স্থানীয় মিলিশিয়াদের নিয়ে তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত