গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। গতকাল শুক্রবার নগরীর সকল মসজিদে তার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি তার মধ্যে করোনা লক্ষণ দেখা দিলে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা দেওয়া হয়। বুধবার জানতে পারেন তার নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
মেয়র বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে পাঁচজন করোনা রোগী মারা গেছেন।
এ নিয়ে গাজীপুরে করোনায় মোট মারা গেছেন ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় ৫৭৩টি নমুনা পরীক্ষায় ১৯৬ জনের নমুনায় করোনা পজিটিভ ফল আসে। এ নিয়ে গাজীপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ২১ হাজার ১০১ জন এবং করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ২৭ জন।
