দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০১:৩১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশ ও বিদেশের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে যেন ১৫ আগস্টের মতো নৃশংস ঘটনা বাংলাদেশের মাটিতে কখনো না ঘটে। কারণ, ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই।

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে দেশের অভাবনীয় সাফল্যের ফলে শত্রুর সংখ্যা বাড়তে পারে এবং তাদের মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে।

দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার বিষয়েও সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর বাস্তবসম্মত পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ওপর সব সময় গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচএম মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত