তালেবানের ভয়ে কাবুলে বেড়েছে বোরকা বিক্রি, বেড়ে গেছে দামও

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৭:৩৮ পিএম

আফগানিস্তানে ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবানরা। ইতিমধ্য তারা কাবুলে প্রবেশ করেছে। দেশটির সরকারের সঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আলোচনাও শুরু হয়েছে রোববার। তালেবানদের কাবুল অভিযানের খবরে বেড়ে গেছে বোরকা বিক্রি। 

দ্য গার্ডিয়ান জানায়, বোরকার চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে দামও। এক নারী ক্রেতা গার্ডিয়ানকে জানান, যে বোরকার দাম গত বছর ছিল ২০০ আফগানি তা এখন দুই থেকে তিন হাজার আফগান মুদ্রায় বিক্রি হচ্ছে।  

আফগানিস্তানে নীল বোরকা জনপ্রিয়। এই রঙের বোরকা দেখেই বিশ্বে আফগান নারীদের চিহ্নিত করা হয়। এই বোরকা কিছুটা ভারী কাপড়ে তৈরি করা হয়। যা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে রাখে। চোখের সামনে থাকে নেটের কাপড় যা দিয়ে বোরকা পরিহিতরা দেখতে পায়। আগের তালেবান শাসনের সময় বোরকা পরা ছিল বাধ্যতামূলক। 

তবে ২০০১ সালে মার্কিন অভিযানে তালেবান সরকারের পতনের পর আফগান নারীদের জন্য বোরকা পরা আর বাধ্যতামূলক থাকেনি। তবে ধর্মীয় ও ঐতিহ্যগত কারণে অনেকেই বোরকা পরতেন এ সময়ে। অনেক নারী আধুনিক ও নিজের পছন্দের পোশাক পরতে পারতেন। 

তালেবানদের শাসনামলে অনেক নারীকে বাইরে বের হওয়া এবং বোরকা না পরার জন্য নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। নতুন করে তালেবান সরকার ক্ষমতায় আসায় সেই ভীতি তাড়িয় বেড়াচ্ছে বয়স্ক নারীদের মনে। তবে তরুণীরা সবাই বোরকা পরতে সম্মত নন বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়। 

যদিও আফগানিস্তানে ক্ষমতায় আসার পর নারী অধিকারের প্রতি সম্মান জানানো হবে বলে জানিয়েছে তালেবান। তালেবান এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বিবৃতিতে জানান, যোদ্ধারা নারীর অধিকারের প্রতি সম্মান জানাবে।

মাত্র ১০ দিনে আফগানিস্তান দখল করে নেয়া তালেবানরা নারী অধিকারের প্রতি কতটা সহমর্মী হবে তা নিয়ে উদ্বেগ দেখা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এর আগে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিল তালেবানরা। তখন তারা নারীর স্কুলে যাওয়া বন্ধ রাখে। 

তবে রবিবার কাবুল দখলের পর ওই মুখপাত্র বলেন, নারীরা ঘরের বাইরে যেতে পারবে এবং কাজ ও শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।

তবে তালেবান নিয়ন্ত্রণাধীন কয়েকটি প্রদেশে কর্মরত নারীদের চাকরিচ্যুত করার খবর পাওয়া যায়। এ ছাড়া নারীদের একা বের হতে না দেওয়া এবং বোরকা পরতে বাধ্য করার খবরও পাওয়া গেছে বলে বিবিসি জানায়।

ওই মুখপাত্র তার বিবৃতিতে বলেন, সংবাদমাধ্যম বাধাহীনভাবে তাদের সমালোচনা করতে পারবে।

রবিবার তলেবানরা কাবুল দখল করার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত