দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখা সনি স্কয়ারের দরজা খুলছে অবশেষে। বছর দেড়েক ধরে আলোচনায় থাকা একাধিক পর্দার প্রেক্ষাগৃহটির উদ্বোধন হবে ২০ আগস্ট।
এ খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
সিনেপ্রেমীদের জানাই আছে, মিরপুর ২ নম্বরের সনি সিনেমা হলকে গড়ে তোলা হয়েছে স্টার সিনেপ্লেক্সের নিজস্ব আদলে। এখানে মোট তিনটি স্ক্রিন থাকছে। হলের পরিসর অনুযায়ী আসনসংখ্যা রয়েছে যথাক্রমে ৪০৮, ২২৫ ও ১৩৬।
জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি-সংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে।
তিনি বলেন, “মিরপুর ঢাকা শহরের অন্যতম বৃহত্তম এলাকা। এখানকার দর্শকদের সুবিধার কথা ভেবে এই মাল্টিপ্লেক্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে মিরপুরবাসীর সিনেমা দেখার আনন্দে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছি।”
রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের চতুর্থ শাখা এটি। মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে এর টিকিটের মূল্য নির্ধারণ করা হবে। ২০ আগস্ট থেকে সিনেমা প্রদর্শন শুরু হলেও টিকিট সংগ্রহ করা যাবে ১৯ আগস্ট থেকে সরাসরি বা অনলাইনে। সরকারি নির্দেশনা মোতাবেক সব স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শিত হবে এখানে।
