আবাহনী-মোহামেডানের পর দেশের ফুটবলের একসময়ের তৃতীয় শক্তি ব্রাদার্স ইউনিয়ন ৪৬ বছর পর শীর্ষ স্তর থেকে অবনমিত হলো। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদের কাছে ০-৪ গোলের হারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে তাদের।
গোপীবাগের ফুটবল পাগল ব্যক্তিদের হাতে গড়া ক্লাব ব্রাদার্স ইউনিয়ন গফুর বেলুচের কোচিংয়ে ১৯৭৪ সালে দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে ১৯৭৫ সালে ঢাকার প্রথম বিভাগ লিগে উন্নীত হয়। আশি ও নব্বইয়ের দশকের পুরোটাতেই দাপট দেখায় তারা। একবিংশ শতাব্দীর শুরুর কয়েক বছর ছিল ব্রাদার্সের স্বর্ণযুগ। ২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পর ব্রাদার্স ইউনিয়নের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। নেতৃত্ব, আর্থিক ও সাংগঠনিক সংকট মিলে ক্লাবটি ধুঁকছিল কয়েক বছর ধরে। গত দুই তিন মৌসুমে কোনোভাবে বেঁচে গেলেও এই যাত্রায় আর বাঁচতে পারল না। ২০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গতকাল অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে নেমে উল্টো ০-৪ গোলে হেরে যায় মুক্তিযোদ্ধার কাছে। লিগের বাকি তিন ম্যাচ জিতলেও মুক্তিযোদ্ধাকে স্পর্শ করা সম্ভব হবে না ব্রাদার্সের।
লিগের বাইলজ অনুযায়ী এবার প্রিমিয়ার লিগ থেকে দুটি দল অবনমিত হবে। ব্রাদার্স ও আরামবাগ দুই দলের অবনমন নিশ্চিত হয়েছে। এই দুই দল ফুটবল ফেডারেশনকে অনুরোধ জানিয়ে আসছে করোনা পরিস্থিতিতে এই বছর রেলিগেশন না দিতে। ফুটবল ফেডারেশন অতীতে নানা কারণে রেলিগেশন মওকুফ করেছে বিভিন্ন স্তরে। ঐতিহ্যবাহী ব্রাদার্স বাফুফের ‘সদয়’ বিবেচনা পায় কি না সেটাই দেখার। না হলে প্রিমিয়ারে ফিরতে লড়াই করতে হবে ব্রাদার্স ইউনিয়নকে।
আবাহনীর দুর্দান্ত জয়
রানার্সআপ লড়াইয়ে থাকতে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষের জয়ের বিকল্প ছিল না আবাহনী লিমিটেডের সামনে। ৫-১ গোলের দারুণ এক জয় দিয়ে হাসিমুখে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
গোল উৎসবের সূচনা করেছিলেন সানডে সিজোবা। ইতিও টানেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। মাঝখানে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগস্তো করেন জোড়া গোল। বাকি গোলটি হাইতির ফরোয়ার্ড কারভেন্স বেলফোর্টের। এই জয়ে রানার্সআপ হওয়ার আশা বেঁচে থাকল আবাহনীর। ২১ ম্যাচে শেখ জামালের ৪৫ পয়েন্টের বিপরীতে ২২ ম্যাচে আবাহনীর ৪৩। বাকি ৩ ম্যাচের ২টি জিতলেই অবশ্য রানার্সআপ হয়ে যাবে শেখ জামাল। আবাহনী বাকি ২ ম্যাচে পয়েন্ট হারালে শেখ জামালের কাজটা হয়ে যাবে আরও সহজ। এদিকে অন্য আবাহনী (চট্টগ্রাম) গতকাল ০-২ গোলে হেরে গেছে রহমগতগঞ্জের কাছে।
