রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৯:৫৮ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তারা মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ১০ জন।  

এ নিয়ে চলতি মাসের ১৮ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ২৪৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯৮ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১১৮ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২৮ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং মেহেরপুরের একজন। এদের মধ্যে ৬ জন নারী এবং ৩ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।

বুধবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৬১ জন। করোনা ইাউনিটে মোট বেডের সংখ্যা ৫১৩টি।

এর মধ্যে করোনা পজিটিভ রোগী ১৪৭ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৭৩ জন। এছাড়া করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন। 

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, সোমবার রাজশাহীতে ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৩৩ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত