ফটিকছড়িতে ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি মায়ের

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১২:৩২ এএম

ছেলের হত্যাকারী সব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গুলিতে নিহত হওয়া চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেদ কামালের মা। গতকাল শনিবার সকালে নিহত রাসেদ কামালের নানুপুরের বাড়িতে তার মা জাহানারা বেগম ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘নানুপুর বাজারে প্রকাশ্যে যারা আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। মামলার অন্যতম আসামি মান্নান, মোস্তাক, মাছুম, মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে। যাদের গ্রেপ্তার করেছে তারাও জামিনে এসে আমার আরেক ছেলেকে হত্যার হুমকি দিচ্ছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নিহত রাসেদ কামালের স্ত্রী জেবু আক্তার ও ছোট ভাই জাসেদ কামাল উপস্থিত ছিলেন।

গত বছরের ১১ জুন রাত ৮টায় ফটিকছড়ির নানুপুর বাজারে রাসেদ কামালকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা সাহদাত  বলেন, মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা আদালতে দ্রুত চার্জশিট দিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত