সাভারে করোনাকালীন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহালেরও দাবি জানান। গতকাল সোমবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত ‘অ্যাপারেলস ভিলেজ লিমিটেড’ (সাবেক কাজল গার্মেন্টস) কারখানার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শতাধিক শ্রমিক।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত বছর করোনার সময় কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের নোটিস ছাড়াই অবৈধভাবে শ্রমিকদের ছাঁটাই করেছে। পরে এসব শ্রমিক বকেয়া বেতনভাতা পরিশোধ না করে দিই, দিচ্ছি বলে তাদের ঘোরাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী শ্রমিকরা। তাই বাধ্য হয়ে গতকাল তারা কারখানার মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আল কামরান, শ্রমিক নেতা আনিসুর রহমান ও আহমেদ জীবন প্রমুখ। এ ঘটনায় অ্যাপারেলস ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্টস) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা অপারগতা প্রকাশ করে এবং গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি আল কামরান বলেন, অ্যাপারেলস ভিলেজ কারখানায় শ্রমিকদের অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে। এরপরও তাদের পাওনা পরিশোধ না করায় শ্রমিকরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভুক্তভোগী শ্রমিকদের পাওনাদি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব।
