জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের ১১ ও ১০ বছর বয়সী দুই শিশুকন্যাকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্ট আদেশে বলেছে, এই সময়ে শিশু দুটির মা নাকানো এরিকো সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়। আদেশে ৩১ আগস্ট শিশু দুটিকে হাইকোর্টে হাজিরের নির্দেশ দিয়ে এই সময়ের মধ্যে শিশু দুটির বাবা-মায়ের মধ্যে সমঝোতার বিষয়ে ভূমিকা রাখতে সংশ্লিষ্ট আইনজীবীদের নির্দেশ দিয়েছে আদালত। ওই দিন পরবর্তী শুনানি ও আদেশ হবে। দুই শিশুকন্যার অভিভাবকত্ব পেতে গত বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেন নাকানো এরিকো। শুনানি নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন আদেশে শিশু দুটিকে ৩১ আগস্ট হাইকোর্টে হাজির করার নির্দেশের পাশাপাশি এক মাসের মধ্যে শিশুদের পিতা ইমরান শরীফ যাতে দুই মেয়েকে নিয়ে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে নিষেধাজ্ঞা দেয়। গত রবিবার দুই শিশুকন্যাকে ইমরান শরীফের বাসা থেকে হেফাজতে নিয়ে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায় সিআইডি। গতকাল সকালে এ বিষয়টি সম্পূরক আবেদনের মাধ্যমে হাইকোর্টের নজরে আনেন নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুনানি নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন এ আদেশ দেয়। ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী ফওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
