জাতীয় দলে ডাক পাওয়া গোল দিয়ে রাঙালেন মোহামেডানের ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামান। প্রিমিয়ার লিগে গতকাল মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে মোহামেডানের দুই গোলের শেষটি ছিল ২১ বছর বয়সী আতিকের। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথমার্ধের এক পর্যায়ে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শন লেনের দল। ৩০ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসান উয়াটচিং দলকে এগিয়ে নেওয়ার পর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আতিক। এই জয়ে ২৩ খেলায় মোহামেডানের সংগ্রহ দাঁড়াল ৪৩। তারা রয়েছে চতুর্থ স্থানে। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেডের সংগ্রহও ৪৩। তাদের চেয়ে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রানার্স আপ দৌড়ে অনেক খানিই এগিয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল নুরুল আবসারের একমাত্র গোলে রহমতগঞ্জকে হারিয়েছে তারা। বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়ে ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে সাইফ স্পোর্টিং। গোল দুটি করেন ফয়সাল আহমেদ ফাহিম ও নাইজেরিয়ান ইকেচুকু কেনেথ। আর অবনমিত দুই দলের মধ্যে খেলায় আরামবাগের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন।
×
