আ.লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির শোকানুষ্ঠান

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০১:৪৫ এএম

জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি শোকানুষ্ঠান করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শীর্ষক এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ছিল স্মরণ-শ্রদ্ধা, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা থেকে আবৃত্তি এবং অভিশপ্ত আগস্ট নামে একটি নাটক।

ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সংস্কৃতি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমান শোক-সম্ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য সচিব অসীম কুমার উকিল অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা থেকে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর, ডালিয়া আহমেদ ও শিমুল মুস্তাফা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত