মুন্সীগঞ্জ জেলা বিএনপির সর্বকনিষ্ঠ সদস্য ইশরাকের চাচাতো ভাই মাসরুর

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৬:৫৯ পিএম

সদ্যঘোষিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হয়েছেন মাসরুর হোসেন। তিনি ঢাকা দক্ষিণের বিএনপি নেতা ইশরাক হোসেনের চাচাতো ভাই। মাত্র ২৩ বছর বয়সে মুন্সীগঞ্জ জেলা বিএনপির কমিটির সদস্য হলেন মাসরুর। 

১৯৯৭ সালে জন্ম নেওয়া মাসরুর কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে ডিগ্রি অর্জন করেন।

অল্প বয়সে জেলা কমিটিতে জায়গা পেয়ে উচ্ছ্বসিত মাসরুর বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, বাবার স্বপ্ন ছিল মুন্সীগঞ্জবাসীর সেবা করার। কিন্তু জীবিত থাকা অবস্থায় তার স্বপ্নপুরণ হয়নি। তার সে স্বপ্ন আমি পুরণ করতে চাই। বিএনপির পাশাপাশি দলের ও এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া চাই।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ নেতাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে চান। তার আহ্বানে সাড়া দিয়ে আমি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের মতো তরুণদের হাত ধরেই দেশে পরিবর্তন আসবে। আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম সফল করবেন আমাদের মতো তরুণরাই।

মো. আবদুল হাইকে আহ্বায়ক ও কামরুজ্জামান রতনকে সদস্য সচিব করে বুধবার ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন মাসরুর।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন দেশ রূপান্তরকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার যে আহ্বান জানিয়েছেন, তাতে আগ্রহি হয়ে মাসরুর বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার আগ্রহের কারণে তাকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়। সে তার নিজ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায়। 

মাসরুর অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ভাতিজা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির পরাজিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের চাচাতো ভাই। মাসরুর তার বাবা ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেনর উজ্জ্বলের একমাত্র ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত