উজানের ঢল ও ভারী বর্ষণের ফলে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নদীতে পানি বেড়েছে ৮ সেমি।
এ ছাড়া ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপদ সীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ সব তথ্য নিশ্চিত করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বেশ কয়েকটি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
জেলার চরাঞ্চলের মানুষেরা বলেন, প্রায় এক সপ্তাহ যাবৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে তাদের বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোন জায়গা থেকেই তারা ত্রাণ সহায়তা পায়নি। তারা দ্রুত খাদ্য সহায়তা দাবি করেন।
