এ বছর নজরুলের 'বিদ্রোহী' কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে উল্লেখ করে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, এই কবিতাটি বাংলা সাহিত্যের মোড় পরিববর্তন করে দিয়েছিল। শুধু এই একটি কবিতার জন্য হলেও তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।
শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনায় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অধ্যাপক রফিকুল ইসলাম এ কথা বলেন।
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি বিজলী পত্রিকায়। গত একশ বছরে বহু আন্দোলন সংগ্রামে ‘বিদ্রোহী’ কবিতা বাঙালিকে দিয়েছে অনুপ্রেরণা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “ইংরেজি সাহিত্যে টি এস এলিয়টের ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ও প্রকাশিত হয়েছিল ১৯২২ সালে। ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ইংরেজি কবিতার ধারা বদলে দিয়েছিল, আর নজরুলের বিদ্রোহী কবিতাও বাংলা কবিতার ধারা পরিবর্তন করে দিয়েছিল। বাংলা সাহিত্যে আধুনিক কবিতা বলতে আমরা যা বুঝি, তার পেছনে রয়েছে 'বিদ্রোহী' কবিতা।”
আলোচনায় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি আমাদের অফুরান প্রেরণার উৎস। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তার প্রাসঙ্গিকতা সব সময় রয়েছে। ঊনিশশ বিশের দশকে অসাম্প্রদায়িক বুদ্ধির মুক্তি আন্দোলনসহ বিভিন্ন কর্মকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কবি নজরুলের অসাধারণ যোগসূত্র ছিল।
নজরুলের অনবদ্য সৃষ্টিগুলোর নিয়মিত চর্চা ও গবেষণা কার্যক্রম আরও বেগবান করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৌমিত্র শেখর দে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া অনুষ্ঠানে বক্তব্য দেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কবির সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া ফজরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় কোরানখানি হয়।
বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন করতে নজরুল ইনস্টিটিউট থেকে এ কবিতার উপর গত ১০০ বছরে প্রকাশিত প্রবন্ধ নিয়ে 'বিদ্রোহী' নামে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে। এছাড়া বাংলা একাডেমি থেকেও একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
