জামায়াত নেতার মেয়েকে ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার শিবির নেতা: তাকে ‘চোর’ বলে গ্রেপ্তার ছেলে

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১০:১৯ পিএম

ফেনীর সোনাগাজীতে জামাত নেতার কিশোরী (১৪)  মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার এক শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

হামিদুর রহমান আযাদ উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রশিবির উত্তর শাখার সাবেক সভাপতি।

সোনাগাজী মডেল থানা-পুলিশ খবর পেয়ে গণপিটুনির শিকার শিবির নেতাকে উদ্ধার করে।  গণপিটুনির শিকার শিবির নেতাকে ‘চোর’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন কিশোরীর বড় ভাই। তিনি পোস্টে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোরীর বাবা ও স্থানীয় জামায়াত নেতা বাদী হয়ে সোমবার দুপুরে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

কিশোরীর বাবা বলেন, মেয়েকে প্রাইভেট পড়ানোর সুবাদে অভিযুক্তের সঙ্গে আমার পরিবারের সখ্য গড়ে উঠে। এই সুযোগে সে আমার কিশোরী মেয়েকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। বিষয়টি আমার পরিবার জানতে পেরে তাকে প্রাইভেট পড়ানো থেকে অব্যাহতি দেওয়া হলে সে ক্ষিপ্ত হয়। সোমবার রাত ২টায় সে আমার বাড়িতে চুপিসারে প্রবেশ করে মেয়ের শয়নকক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ছবি ছড়িয়ে হেয় প্রতিপন্ন করার অভিযোগে শিবির নেতার বাবা বাদী হয়ে কিশোরীর ভাইয়ের নামে সোনাগাজী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশ কিশোরীর ভাইকে গ্রেপ্তার করেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পাল্টাপাল্টি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টার মামলার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণচেষ্টার শিকার কিশোরীর জবানবন্দি গ্রহণ শেষে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত