কোনো কোনো ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও হেফজখানায় একশ্রেণির দুরাচারি শিক্ষক কোমলমতি শিক্ষার্থীদের ধর্মসাধনের পরিবর্তে বিপথগামী করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের তারা অশান্তি, নৈরাজ্য ও নাশকতায় প্ররোচিত করছেন। কথিত জিহাদের নামে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছেন। এই জঙ্গিবাদ ইসলাম ও মানবতার মহাশত্রু। এই শত্রু যেন পয়দা না হয়, সেদিকে প্রতিষ্ঠানের পরিচালক ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে।’
গতকাল সোমবার নগরীর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের’ তত্ত্বাবধানে এতিম ও কোরআনে হাফেজদের মাঝে কোরআন শরিফ, উপহারসামগ্রী এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, ‘ইসলাম সাম্য ও শান্তির ধর্ম। আলেম শিক্ষা, জ্ঞান অর্জন ও ধারণ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এতে জীবন শুদ্ধ হয় এবং সামাজিক কর্তব্যপরায়ণ হয়।’
একটি শাযের উদ্ধৃত করে সিটি মেয়র বলেন, ‘প্রেমে কী মজা, প্রেমিকই বোঝে, বনে কী মজা, বুলবলু বোঝে আর নবীপ্রেমে কী মজা, নবীভক্তরাই বোঝেন। এই নবীপ্রেম মানবতা ও ধর্মীয় মাহাত্ম্যকে সমুজ্জ¦ল করেছে। এই বোধ ধারণ করতে পারলে সমাজ থেকে সব দুরাচার বিলীন হবে।’
