‘চ্যালেঞ্জিং’ কন্ডিশনে উপভোগের মন্ত্র ল্যাথামের

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০৯:২৮ পিএম

বাংলাদেশের বিপক্ষে তরুণ ও অনভিজ্ঞ একটা দলকেই নেতৃত্ব দিতে হবে টম ল্যাথামকে। কন্ডিশনটাও বেশ চ্যালেঞ্জিং। এরপরও নিউজিল্যান্ড অধিনায়ক বেশ ইতিবাচক।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জগুলো উপভোগ করতে চান ল্যাথাম। দলের প্রতিও তার বার্তা, উপভোগ করতে হবে খেলাটা।

বুধবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচ মাঠে গড়াবে বিকেল ৪টায়।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, ‘আমাদের সত্যিই ভালো অনুশীলন হয়েছে। আমাদের প্রয়োজনীয় সবই বাংলাদেশ দিয়েছে। ভালো পরিবেশ ছিল। ছেলেরা ক্রিকেটের সাথে মিশে যেতে উন্মুখ হয়ে আছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখনো কোনো জয় নেই বাংলাদেশের। মুখোমুখি ১০ বারের দেখায় সব কটিতেই জয় কিউইদের। তবে সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ।

সেই দলের বিপক্ষে তরুণ ও অনভিজ্ঞ দলকে নেতৃত্ব দেবেন ল্যাথাম। যিনি নিজেও খুব বেশি টি-টোয়েন্টি খেলেন না। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৯ টেস্ট ও ১০২ ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১৩টি।

দেশকে নেতৃত্ব দেওয়া নিয়ে ল্যাথাম বলেন, ‘অনেক দৃষ্টিকোণ থেকেই টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়া সত্যিই বড় সম্মানের। অধিনায়কত্বের দৃষ্টিকোণ থেকে আপনি সর্বদা উন্নতি খুঁজবেন। এই ফরম্যাট আরেকটি সুযোগ এনে দিচ্ছে। অতীতে আমার অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। আমাদের এই দলটি তারুণ্য নির্ভর। এখানে কিছু অভিজ্ঞতা আছে, তাই যতটা সম্ভব সেই সতীর্থদের নির্ভর করার চেষ্টা করা হবে।’

এই সফরে থাকা নিউজিল্যান্ডের কোন খেলোয়াড় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পায়নি। দলের শীর্ষ তারকাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। সেই সাথে বায়ো-বাবলের বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

স্কোয়াডে থাকা তিনজনের এখনো টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। আর যারা আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে, তারা টি-টোয়েন্টি দলে নিয়মিত নয়। ল্যাথাম জানান, দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে তারা দারুণ অনুপ্রাণিত।

তার কথায়, ‘দেশের হয়ে খেলার জন্য নিজেকে অনুপ্রাণিত করা বেশ সহজ। আমি ব্যক্তিগতভাবে টি-টোয়েন্টিতে খুব বেশি সুযোগ পাইনি। তাই এটি উত্তেজনাপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘এমনকি অন্য ছেলেদের জন্যও একইরকম। বেশির ভাগ ছেলেরা নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছে। কিন্তু সম্ভবত তারা যতটা চেয়েছে ততটা নয়। আমাদেরকে এটি উপভোগ করতে হবে এবং ক্রিকেটের এমন একটি ব্র্যান্ডের সাথে মিশে থাকতে হবে যা আমরা বিশ্বাস করি, এই কন্ডিশনে সফল হতে পারি। আমাদের লক্ষ্য সিরিজ জয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত