শাহজাদপুরে আদালত চত্বরে পৌর কাউন্সিলরের ওপর হামলা

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১১:২৯ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চৌকি আদালত চত্বরে মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ (৪৮) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষের ছোট ভাই কেএম অরূপ আহমেদ বলেন, সকাল ১১টার দিকে কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ একটি হত্যা মামলায় আত্মসমর্পণ করতে শাহজাদপুর উপজেলা চৌকি আদালত চত্বরে পৌঁছালে প্রতিপক্ষ একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের ভাগনে রাজিবের নেতৃত্বে সাত-আটজনের একটি সন্ত্রাসী দল তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ দৌড়ে আদালতের ভেতরে প্রবেশ করে আত্মরক্ষা করেন। অপরদিকে তাদের বাধা দিতে গিয়ে চার-পাঁচজন হামলার শিকার হন। এ সময় উভয় পক্ষে ধস্তাধস্তি চলতে থাকলে আদালত চত্বরে উপস্থিত বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অরূপ অভিযোগ করে আরো বলেন, হামলাকারীদের দু’জনকে চাকুসহ আটক করে কোর্ট পুলিশের কাছে সোপর্দ করা হলেও কোর্ট পুলিশ তাদের গ্রেপ্তার না করে ছেড়ে দেয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাদপুর পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. রাজিবুল ইসলাম রাজিব বলেন, আমি ঘটনার সময় কোর্ট চত্বরেই উপস্থিত ছিলাম না। অথচ তারা ঈর্ষান্বিত  হয়ে আমার ওপর মিথ্যা অভিযোগ করছে। 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। সেই সঙ্গে কোর্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা উচিত বলে মনে করি।

এ বিষয়ে শাহজাদপুর চৌকি আদালতের সিএসআই আসলাম আলী বলেন, কোর্ট চত্বরে নিরাপত্তায় পর্যাপ্ত জনবল না থাকায় এমন ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি কোর্ট পুলিশের কাছে ২ হামলাকারীকে সোপর্দ করার বিষয় অস্বীকার করে বলেন, আমরা কোর্টের ভেতরের কাজ করে থাকি। বাইরের নিরাপত্তা ও এসব দেখার জন্য পুলিশের অন্য টিম রয়েছে। সাধারণত তারা এটা দেখে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত