চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনা-বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে সামনের আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে গাড়িটি সড়কের পাশে পড়ে যায়।

এ সময় ড্রাইভিং সিটে থাকা কাভার্ডভ্যানের হেলপার মো. আনিস (২২) বাঁচার জন্য গাড়ি থেকে ঝাঁপ দিলে পেছন থেকে অজ্ঞাতনামা আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

নিহত আনিস ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রামপুর এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক ওয়াসিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি ও নিহতের লাশ উদ্ধার করেন।

আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৪৮) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

নিহত কামাল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে মহাসড়কের উপজেলার মিয়াবাজারস্থ দক্ষিণ প্রতাপুর রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী লেনে একটি পিকআপভ্যান ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক কামালের মৃত্যু হয়।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আইয়্যুব আলী ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ, পিকআপভ্যান ও রিকশাটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

অপরদিকে একইদিন দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খোশদাহ গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ চৌদ্দগ্রাম অফিসের ডিজিএম মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ‘এমন ঘটনা সম্পর্কে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত