রাজধানীর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮ পিএম

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বেশির ভাগ সড়কে ছিল যানজট। গুলশান–বনানী ও মতিঝিলের সড়কে যানজট বেশি দেখা গেছে। যানজটের পাশাপাশি হঠাৎ বৃষ্টি নগরবাসীর ভোগান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে।

মিরপুরের বাসিন্দা পিটার বাংলামটর যাওয়ার উদ্দেশে বেলা সাড়ে ১১টায় মোটরসাইকেল করে রওনা হন। মিরপুর থেকে বাংলামটর আসতে তার সময় লেগেছে দুই ঘণ্টা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বলেন, উড়ালসড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) কাজের জন্য ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বনানীর নৌবাহিনীর সদর দপ্তরের সামনের অংশ থেকে কাকলী মোড় পর্যন্ত সড়কের প্রশস্ততা অনেক কমেছে। এ কারণে মহাখালী, গুলশান ও বনানীমুখী সড়কগুলোয় যানজট প্রচণ্ড। আরও এক মাস সেখানে কাজ চলবে বলে জানা গেছে।

মতিঝিল এলাকায়ও যানজট বেশি দেখা গেছে। ডিএমপির মতিঝিল বিভাগের ট্রাফিক পরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘আজ সপ্তাহের শেষ কর্মদিবস। এ কারণে সকাল থেকে মতিঝিল এলাকার সড়কে যানজট লেগে আছে। আমরা ধারণা করছি, রাত আটটা পর্যন্ত এই এলাকার যানজটের তীব্রতা থাকবে।’

এদিকে দুপুরের পর বৃষ্টি হওয়ায় নগরীর মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত