বকেয়া পরিশোধ দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬ এএম

বকেয়া পরিশোধ ও বন্ধ পাটকল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে খালিশপুর পিপুলস গোল চত্বরে এই সমাবেশ হয়। সমাবেশে বক্তারা খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল, চট্টগ্রামের আর আর ও কেএফডি জুট মিলের দৈনিকভিত্তিক শ্রমিকদের সঠিক হিসাব অনুযায়ী সমুদয় পাওনা পরিশোধের এবং রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়নের দাবি জানান।

কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা নেতা আব্দুল করিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার ১৪ মাস আগে করোনা মহামারীর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছে। ফলে প্রায় ৬০ হাজার শ্রমিক এবং পাটকল ও চিনিকল-সংশ্লিষ্ট প্রায় ৩ কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব শ্রমিকের নিজস্ব কোনো বাস্তুভিটা নেই। এ রকম অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে কীভাবে জীবন যাপন করবেন? পাটকলগুলো বন্ধ করায় খাওয়া-দাওয়াই শুধু নয়, তাদের সন্তানদের লেখাপড়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত