খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ কর্তৃপক্ষ এ নবজাতককে উদ্ধার করে।
খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক রশমি চাকমা বলেন, ‘কোনো গর্ভবতী মা টয়লেটের কমডে প্রসব করে রেখে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শিশুটির কান্নাকাটির শব্দ শুনে অফিস সহায়ক রেনু ধরসহ আমরা কয়েকজন মিলে নবজাতককে উদ্বার করি।’
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানিয়েছেন, নবজাতকের অবস্থা ভালো রয়েছে। তারপরও তাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
