জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩২ এএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেছেন, সমুদ্রের তলদেশের সঙ্গে ওপরে বসবাসরত মানুষদের কথা চিন্তা করে সুচিন্তিত কৌশলের আলোকে কাজ করতে হবে। এর পাশাপাশি সমুদ্রের সম্পদ আহরণ করে দেশের জিডিপিতে কীভাবে অবদান রাখা যায় তা নিয়েও ভাবতে হবে।

গতকাল সোমবার পুরাতন বন ভবনে আয়োজিত ‘সুনীল অর্থনীতি ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কর্মকৌশলের আলোকে জলবায়ু ট্রাস্টের করণীয় শীর্ষক’ দিনব্যাপী কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ট্রাস্টের সহকারী পরিচালক শাকিলা ইয়াসমিনের দেওয়া বক্তব্যের উত্তরে মোস্তফা কামাল বলেন, ট্রাস্ট প্রতিষ্ঠার ১০ বছর পরও নিজস্ব অর্গানোগ্রাম তৈরি না হওয়া ট্রাস্টের ব্যর্থতা। এতদিনেও নিজস্ব ভবন না হওয়ায় কর্মকর্তাদেরও দায় দেখেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ব্লু ইকোনমি সেলের অতিরিক্ত সচিব এসএম জাকির হোসেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন ও সিআইজিএস এবং নদী রক্ষা কমিশনের সদস্য মালিক ফিদা এ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত