করোনা পরিস্থিতি মোকাবিলায় ছাত্র, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রণোদনামূলক আর্থিক অনুদানের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নগরের ফকিরবাড়ী রোডে শিক্ষক সমিতি ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা।
সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ লিখিত বক্তব্যে বলেন, করোনাকালেও শিক্ষা বোর্ড বিভিন্ন ফি আদায় করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোনো আয় ছিল না। গত দেড় বছরে কোনো জায়গা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সহায়তাও পায়নি। এ অবস্থায় ২০ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদ সুখকর হলেও প্রতিষ্ঠানগুলো ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার অর্থ জোগাড় করাও দুরূহ হয়ে পড়েছে।
