সুপার লিগের পরিকল্পনা থেকে এখনো সরে আসেনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাস। এখনো উয়েফার সঙ্গে দ্বন্দ্ব চলছে। সুপার লিগের প্রতিষ্ঠাতা ১২ ক্লাবের মধ্যে ছিল না পিএসজি। তাদের যোগ দেওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও প্যারিসের ক্লাবটি উয়েফার পক্ষ নেয়। পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। খেলাইফি সুপার লিগ থেকে সরে না আসা তিন ক্লাবকে ‘মিথ্যুক ও ব্যর্থ’ বলেছেন। সুপার লিগ প্রকল্প সফল করার ক্ষেত্রে ক্লাবগুলোর ব্যর্থতার দিকেও ইঙ্গিত দিয়েছেন খেলাইফি। খেলাইফি বলেন, ‘আমি ১৮ এপ্রিল এবং সেই তথাকথিত সুপার লিগ নিয়ে কথা বলে বেশি সময় নষ্ট করতে চাই না, কারণ আমি মিথ্যুক ও ব্যর্থদের পছন্দ করি না। আমরা সবাই একত্রে ইউরোপীয় ফুটবলের স্বার্থরক্ষা করেছি। আমরা প্রেসিডেন্টের (আলেকজান্ডার সেফেরিন) দৃঢ়তার ওপর নির্ভর করেছিলাম।’ ইন্টারনেট।
×
