জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চড়া সুদসহ নানা অনিয়ম ও নীতিমালাবহির্ভূত নানা কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি সমবায় সমিতির সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পাঁচবিবির শালাইপুর বাজারে অভিযান চালিয়ে ‘সাত তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’ নামে ওই সমিতির প্রধান কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ‘সাত তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির’ পরিচালকরা দীর্ঘদিন ধরে ফাঁকা চেক, ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়াসহ চড়া সুদ নিয়ে মানুষের সঙ্গে নানা প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এর মধ্যে ভুক্তভোগীরা সমিতির বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তদন্ত শেষে গত সোমবার সমিতির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়।
