বিএনপির আন্দোলনের হাঁকডাক আন্দোলন-বিলাস মাত্র: কাদের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৯ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি। বিএনপি’র আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস মাত্র।

বুধবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এ দেশকে আত্মমর্যাদাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। বিএনপি বাংলাদেশকে তাবেদার ও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি বলেন, বিএনপি’র এসব ভাবনা কথামালায় সীমাবদ্ধ শব্দবোমা ছাড়া আর কিছু নয়। বিএনপি নেতারা সারাদেশে সংকট দেখতে পান, কিন্তু তারা নিজেদের রাজনীতিতে কোন সংকট দেখতে পান না। হাতের তালু দিয়ে কি আকাশ ঢাকা যায়? বিএনপি নেতারা খন্ডিত-দৃষ্টি দিয়ে দেখছে সবকিছু।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণ নীতিই এখন বিএনপি’র রাজনীতি। তারা সাদাকে সাদা যেমন বলতে পারে না তেমনি পারে না কালোকে কালো বলতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে। তাই তারা এ বাস্তবতা এখনো উপলব্ধি করতে পারছে না। কর্মীদের চাঙা রাখতে নানা মুখরোচক বক্তব্য দেন, যা অন্তঃসারশূন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত