জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে একদিকে দেশে বিস্ময়কর উন্নয়ন চলছে; অপরদিকে বাংলাদেশকে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বলিষ্ঠভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রার পথে বিপদ হচ্ছে জঙ্গিবাদী চক্র এবং আপদ হিসেবে বাধার সৃষ্টি করছে দুর্নীতিবাজদের সিন্ডিকেট। এই দুর্নীতিবাজরা দেশের উন্নয়নের শত্রু এবং ঘরকাটা ইঁদুর।’
গতকাল বুধবার বেলা ১১টায় ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক ৬৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ১ কিমি গ্রামীণ পাকা সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবজোট সভাপতি আবদুল হাফিজ তপনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
